Suspenses Account
আসলে অনিশ্চিত হিসাব শব্দটির অর্থ থেকেই এ হিসাবের মর্মার্থ উপলদ্ধি করা যায়। যে হিসাব নিশ্চিত নয় সেটাই অনিশ্চিত হিসাব। আমরা জাবেদা হতে খতিয়ান এবং খতিয়ান হতে রেওয়ামিল প্রস্তুত করে থাকি।
এই জাবেদা হতে খতিয়ান এবং খতিয়ান হতে রেওয়ামিল প্রস্তুত করার সময় কোন কারণে হিসাবে ভুল-ত্রুটি ঘটতে পারে। আর এ ভুল-ত্রুটি ধরা পড়ে রেওয়ামিল প্রস্তুত করতে গিয়ে।
যদি রেওয়ামিল না মিলে তখনই আমরা বুঝি যে রেওয়ামিলে ভুল আছে। যখন ভুলের কারণে রেওয়ামিল মিলে না তখন সাধ্যমত চেষ্টা করেও যদি এ ভুলের উৎস খুঁজে পাওয়া না যায় তখন সাময়িকভাবে
যে হিসাব বসিয়ে রেওয়ামিল মিলানো হয় তাই অনিশ্চিত হিসাব। অর্থাৎ ভুলটা যে কি সেটা নিশ্চিত না হয়ে সাময়িকভাবে এ হিসাব বসিয়ে আমরা রেওয়ামিল মিলিয়ে থাকি।
পরবর্তীতে প্রকৃত ভুল উদঘাটিত হলে ঐ হিসাবে সঠিক এন্ট্রি দিয়ে রেওয়ামিল থেকে এ অনিশ্চিত হিসাব মুছে ফেলা হয় ।
উপরোক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি হিসাবের ভুলের সঠিক কারণ না জানা পর্যন্ত রেওয়ামিল মিলানোর জন্য সাময়িকভাবে যে হিসাবখাত রাখা হয় তাই অনিশ্চিত হিসাব।
সাধারণত দুটি পরিস্থিতিতে হিসাব বইতে অনিশ্চিত হিসাব খোলা হয়ে থাকে। পরিস্থিতি দুটো হলো
(১)যখন কোন লেনদেনের প্রয়োজনীয় তথ্যাদির অভাব থাকে এবং যার দরুন হিসাবরক্ষণ কার্যক্রম সম্পন্ন করা যায় না ।
(২)যখন হিসাব বইতে এক বা একাধিক ভুল লুকায়িত থাকার দরুন রেওয়ামিল অমিল হয় ।