Income Statement
যে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে লাভ বা ক্ষতি যে বিবরণীর মাধ্যমে জানা যায় তাকে আয় বিবরণী বলে। আর্থিক বিবরণীসমূহের অন্যতম একটি অংশ হলো আয় বিবরণী। আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয়গুলো হতে মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিয়ে নীট মুনাফা (Net Income) নির্ণয় করা হয়। এক কথায় বলা যায় কোন নির্দিষ্ট সময় শেষে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের খতিয়ান হিসাবে আয় ও খরচের যে আইটেমগুলো থাকে তার ভিত্তিতে আয়গুলোর সমষ্টি হতে খরচগুলোর সমষ্টি বাদ দিয়া নীট আয় নির্ণয়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আয় বিবরণী নামে অভিহিত করা হয়। আয় বিবরণীর উপাদানসমূহকে নিম্নোক্ত চারভাগে ভাগ করা যায় :
(i)রাজস্ব আয় (Revenues) : রাজস্ব আয় বা Revenue বলতে কারবারের ভিতর নগদ টাকার আগমন (Cash Inflow) বুঝায়। পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে বাইরের ক্রেতা ব্যক্তি
বা সংস্থার (Customer) নিকট থেকে যে পরিমাণ নগদ টাকা প্রাপ্ত বা নগদ টাকা পাওয়ার অঙ্গীকার পাওয়া যায় তাই ‘রাজস্ব আয়’ এই আয় দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং দায় হ্রাস পায় ।
সাধারণত কারবারের চলমান প্রধান ও কেন্দ্রীয় কার্যাবলী (On going major or Central operations) থেকে প্রাপ্ত পণ্য বিক্রয় আয় বা সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত আয়
এ ধরনের আয়ের অন্তর্ভুক্ত।
(ii) রাজস্ব খরচ (Expenses) : চলতি সালের আয় অর্জন করার জন্য চলতি সালের ভিতরে সম্পদ বা বিবিধ সেবার ব্যবহৃত অংশকেই রাজস্ব খরচ বলা হয়। এই খরচ নগদী বা অ-নগদী
উভয় প্রকার হতে পারে। অন্যভাবে কারবারের প্রধান ও কেন্দ্রীয় কার্যাবলী চালাতে গিয়ে সম্পদ ক্রয়, ব্যবহার বা দায় সৃষ্টির কারণে নগদ এর যে বহির্গমন ঘটে তাই রাজস্ব খরচ। যেমন- বিক্রীত পণ্যের মূল্য প্রদান,
সেবা প্রদানের মূল্য প্রদান, বেতন, মজুরি প্রদান ইত্যাদি। শুধুমাত্র মুনাফা জাতীয় পুনরাবর্তক খরচই এ ধরনের আয়ের অন্তর্ভুক্ত হয় ।
(iii) ব্যবসা পরিচালনা বহির্ভূত আয় বা লাভ (Non operating Income or Gain): কারবারের নিয়মিত কার্যাবলী থেকে প্রাপ্ত রাজস্ব আয় ব্যতীত অন্য কোন সহায়ক বা আনুষঙ্গিক
কার্যাবলী থেকে প্রাপ্ত বা অর্জিত মুনাফাসমূহ এ ধরনের আয়ের অন্তর্ভুক্ত হয় । যেমন- সম্পদ বিক্রয়ে লাভ, বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, সুদ প্রাপ্তি, রয়্যালটি প্রাপ্তি ইত্যাদি ।
তবে মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন প্রদানকে লাভ বলা হয় না।
(iv) ব্যবসা পরিচালনা বহির্ভূত খরচ বা লোকসান (Non operating Expense or Loss): কারবারের নিয়মিত কার্যাবলী
ছাড়া অন্য কোন খাতে অনিয়মিত যে অর্থ ব্যয় করা হয় বা যে লোকসান ঘটে তাই হচ্ছে ব্যবসা পরিচালনা বহির্ভূত ব্যয় বা ক্ষতি। এ ধরনের ব্যয় বা ক্ষতি সমূহ হচ্ছে:- সম্পদ বিক্রয় ক্ষতি, বিনিয়োগ বিক্রয়ে ক্ষতি,
সুদ প্রদান, প্রাথমিক খরচ বা সুনামের অবলোপন, গবেষণা ও উন্নয়ন খরচ অবলোপন ইত্যাদি। তবে মালিক কর্তৃক উত্তোলনকে এ ধরনের খরচ বলা হয় না।